আল-আকসায় ফের সংঘাত, আহত অর্ধ-শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৯ ১৭:২৪:০২


ইহুদিদের উসকানিমূলক আচরণকে কেন্দ্র ফের উত্তাল আল-আকসা মসজিদ প্রাঙ্গন। রোববার (২৯ মে) জেরুজালেম অবৈধভাবে দখল করার দিবস উদযাপন করতে আসে ইসরায়েলিরা। তার তীব্র প্রতিবাদে ফিলিস্তিনিরাও নেমেছেন রাস্তায়। এ সময় দু’পক্ষের হামলায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক। খবর আলজাজিরার।

জানা গেছে, রোববার সকালে আল-আকসা প্রাঙ্গনে হাজির হয় উভয়পক্ষ। এসময়, ইহুদিরা হাততালি আর কটুক্তির মাধ্যমে উসকানি দেয় ফিলিস্তিনিদের। এবং ইসরায়েলের পতাকা হাতে ঢোকে মসজিদ প্রাঙ্গনে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ সময় তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছিলো ফিলিস্তিনিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণেই এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়; যাতে আহত হন অর্ধ-শতাধিক মানুষ।

প্রসঙ্গত, রমজান মাস থেকেই, ধর্মীয় স্থাপনাটি ঘিরে উত্তপ্ত জেরুজালেম। এখন পর্যন্ত, আটকের শিকার হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।