ব্রাজিলে প্রবল বন্যা ও ভূমিধস, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৮:৫৪:৫৬


ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাতে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। সর্বশেষ সরকারি তথ্যমতে এ পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নাগরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ওই রাজ্যে ৩৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। কেবলমাত্র শনিবার সকালে বড়ো ধরনের ভূমিধসে ১৯ জন প্রাণ হারায়। ক্যামারগিবে পৌরসভায় অপর এক ভূমিধসে আরও ছয় জন মারা গেছে।

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

মেয়র কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নামবুকো রাজ্যে ২৩৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা ব্যক্ত করেছে পার্নামবুকো রাজ্যের পানি ও আবহাওয়া সংস্থা।