চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষে ১০০ শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩১ ১৪:১৮:১৭
চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ শ্রমিকের প্রাণহানী ঘটেছে। এবং আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম। খবর এএফপির।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।
তিনি জানান, সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার একটি অসম ও কার্যত আইনহীন এলাকা তিবেস্তি পর্বতমালা।
চাদের প্রতিরক্ষামন্ত্রী এএফপিকে ফোনে ঘটনাস্থল থেকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুলসংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। আপাতত আমরা স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














