মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছে না ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০১ ১৩:১৫:৪৫
মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (৩১ মে) নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে আপাতত এই খাতে কোন কর্মী যাচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।
প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তে মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মী শুন্যতা পূরণ হওয়ার সম্ভাবনা ফিকে হয়ে গেলো। কর্মীর অভাবে চাহিদা মতো পামওয়েল উৎপাদনের শঙ্কাও বাড়লো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পামওয়েল উৎপাদনকারী দেশটিতে প্রায় ১ লাখ কর্মী প্রয়োজন। মঙ্গলবার ১৬৪ জন কর্মী নিয়ে একটি চ্যাটার্ড বিমান ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌঁছানোর কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।
মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত বলেন, কর্মীদের নিরাপত্তার কথা ভেবে এজেন্সিগুলো এ সিদ্ধান্ত নিয়েছে, আপাতত কোন কর্মী ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া আসবে না। তবে এখানে কোন ভুলবোঝাবুঝি থাকতে পারে, মেডিকেলে ফিট হলে সবাই ভিসা পাবে বলে নিশ্চয়তা দেন ইন্দোনেশিয়ার এ দূত।
এদিকে কর্মী আসার পর তাদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত স্বাক্ষাতের সূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য; কর্মীদের যথাযথ সুযোগ সুবিধা না দেয়ায় গেলো দুই বছরে মালয়েশিয়ার ৭টি কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














