নিরাপত্তারক্ষীরাই ইমরান খানকে গ্রেফতার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৫ ১৯:৫৫:৩৪


ইমরান খানকে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই ইমরানের জন্য নিয়োজিত নিরাপত্তারক্ষীরা সানন্দে তাকে গ্রেফতার করবে।

রোববার (৫ জুন) রানা সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন বলে পাকিস্তানের জিওটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার (৪ জুন) রাত থেকেই বিশেষভাবে ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে পেশোয়ার থেকে ইসলামাবাদে ফেরার কথা ইমরান খানের।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, আইন অনুযায়ী ইমরান খানের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তার নিজস্ব নিরাপত্তা টিমের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ আশা করা হচ্ছে।

এদিকে, পাকিস্তানের রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বানি গালায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের পুলিশ।