যুক্তরাষ্ট্রে কারখানায় গুলি, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১০ ১৪:০৬:৩২
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কারখানায় এক কর্মচারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন ইনকর্পোরেটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, তিনজনকে হত্যার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায় হামলাকারী। এতে সন্দেহভাজন ব্যক্তি ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। এরপর হামলাকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগ মুলেনডোর বলেন, নিহত এবং সন্দেহভাজন হামলাকারী সবাই ওই কারখানার কর্মচারী।
মুলেনডোর বলেন, কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার আগেই সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং মেরিল্যান্ড স্টেট পুলিশ তাকে খুঁজে বের করে।
মুলেনডোর বলেন, সন্দেহভাজন ব্যক্তি বয়স ৪২ বছর। কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন থাকায় তার নাম প্রকাশ করেননি তিনি।
গুলিতে নিহত ব্যক্তিরা হলেন মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস এডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) এবং জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)।
সূত্র : এপি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














