সিরিয়ায় বাসে হামলায় সেনাসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২০ ১৭:৪২:৪৮


সিরিয়ার উত্তরাঞ্চলে সোমবার ভোরে একটি বাসে হামলায় ১৩ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সেনা সদস্য বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাক্কা প্রদেশের জাবাল আল-বিশরি অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি বেসামরিক ট্রানজিট বাসে সন্ত্রাসী হামলায় ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসলামিক স্টেটের স্লিপার সেল এই অতর্কিত হামলা চালিয়েছে। তারা দেশটির মরুভূমি অঞ্চলে হামলা করে পালিয়ে যায়।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি অংশ তুর্কি-সমর্থিত বিদ্রোহী এবং আরও কট্টরপন্থী গোষ্ঠীর দখলে রয়েছে। এ ছাড়া মার্কিন সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী উত্তর-পূর্ব অঞ্চলকে ধরে রেখেছে।

২০২০ সালের ডিসেম্বরে সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের একটি প্রধান সড়কে বাসে চালানো সবচেয়ে মারাত্মক হামলায় ২৮ জন নিহত হয়েছিল।

সূত্র : রয়টার্স