হাজার ছাড়িয়েছে আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২২ ২০:১৬:০১
ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে দেশটির পাকতিকা প্রদেশের তথ্যপ্রধান মোহাম্মদ আমিন হাজিফি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ১ হাজার মানুষ মারা গেছে এবং ১ হাজার ৫০০ জন আহত হয়েছে। উদ্ধারকারী দল এখনও মাটির নিচে চাপা পড়া মানুষের সন্ধান করছে।
পাকতিকা প্রদেশের স্থানীয় একজন কৃষক বিবিসিকে জানান, যে সরকারী উদ্ধারকারী দল এখনও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, এখানে কোনো সরকারী সাহায্য কর্মী নেই, তবে প্রতিবেশী শহর ও গ্রাম থেকে কিছু মানুষ উদ্ধার করতে এখানে এসেছিল। আজ সকালে আমি ৪০ টি মৃতদেহ দেখেছি। এদের বেশিরভাগই অল্পবয়সী। ছোট শিশুও রয়েছে। এখানে একটি হাসপাতাল আছে। কিন্তু এ হাসপাতালে বিপর্যয় মোকাবিলা করার মত প্রয়োজনীয় উপাদান নেই।
আজ বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বুধবার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














