আফগানিস্তানে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৬-২৩ ১২:৫৯:৪৯


আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৮টিতেই দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ বন্যায় সে দেশে এখন পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে,

আফগানিস্তানের বন্যাকবলিত প্রদেশগুলো হলো—কুনার, নানগারহার, নুরিস্তান, লাঘমান, পানশির, পারওয়ান, কাবুল, কাপিসা, ময়দান ওয়ার্দাক, বামিয়ান, গজনি, লোগার, সামানগান, সার-ই-পুল, তাখার, পাকতিয়া ও দাইকুন্দি।

কুন্দুজের অধিবাসী আহমাদুল্লাহ তোলো নিউজকে বলেন, কুন্দুজের শত শত একর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে এবং এখনও বন্যা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।

নানগারহার প্রদেশেল আর্চিন জেলার বাসিন্দা হামিদুল্লাহ শিনওয়ারি বলেন, গত মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতি বর্ষণে বাড়ির ছাদ ধসে আর্চিন জেলায় এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচ জন।

আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলাউই শরফুদ্দিন মুসলিম বলেন, অতি বর্ষণ ও আকস্মিক বন্যায় আহতদের বেশির ভাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে, তাদের সরকারের পক্ষ থেকে তাঁবু দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের মতো ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যার কবলে পড়েছে আফগানিস্তানের মানুষ।

সূত্র: টোলো নিউজ