পাকিস্তানকে ২৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৬-২৩ ২০:৫০:০১


দিন দিন বেড়েই চলেছে পাকিস্তানের অর্থনৈতিক সংকট। দেশটিতে রিজার্ভ ও নিজস্ব মুদ্রার মান কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানকে ২৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে চীন। আজ বৃহস্পতিবার (২৩ জুন) ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চীনের সঙ্গে পাকিস্তান আগেই ২৩০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষর করেছিল। এ চুক্তির অধীনে কয়েক দিনের মধ্যেই ঋণ পাবে দেশটি। বুধবার (২২ জুন) পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানিয়েছেন, আশা করা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই ঋণ চুক্তির অধীনে চীন থেকে এ অর্থ পাওয়া যাবে। এ লেনদেন সহজতর করার জন্য তিনি এক টুইট বার্তায় চীন সরকারকে ধন্যবাদ জানান।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও চীনকে ধন্যবাদ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থনের জন্য পাকিস্তানের জনগণ কৃতজ্ঞ।’

এ মূহুর্তে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভের অবস্থা খুবই খারাপ। পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির স্টেট ব্যাংকের কাছে ৯০০ কোটি মার্কিন ডলার মজুত আছে। কিন্তু সে অর্থ দিয়ে মাত্র ৬ সপ্তাহ পণ্য আমদানি করা যাবে। চীনের থেকে ২৩০ কোটি ডলার পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সহায়তা করবে বলে আশা করছে দেশটির সরকার।

সানবিডি/এনজে