আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার
প্রকাশ: ২০১৬-০৩-০৩ ২৩:০৬:২০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার। বৃহস্পতিবার রাজধানীর শের-ই বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনীতিবিদদের সঙ্গে বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আমরা বাজেট নিয়ে চিন্তা শুরু করেছি। সবার সঙ্গে আলোচনা করেই বাজেট দেয়া হবে।’
আগামী ২ বা ৯ জুন জাতীয় সংসদে স্বাধীন দেশের ৪৫তম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট পাস হবে ৩০ জুন। এ নিয়ে ১০ম বারের মতো এবং টানা ৮ বছর বাজেট দিতে যাচ্ছেন আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট দিয়েছেন বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
দেশ স্বাধীনের পর জাতীয় সংসদে প্রথম (১৯৭২-৭৩ অর্থবছর) বাজেট দেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ওই বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। প্রতিবারের মতো এবারও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার থেকেই এ আলোচনা শুরু হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, চলতি বাজাটের চেয়ে ১৫-১৬ শতাংশ প্রবৃদ্ধি (বেশি) ধরে নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। মেট্রো রেলসহ অন্য সব ‘মেগা প্রকল্পের’ কাজও বিশেষ অগ্রাধিকার দিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














