বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৫:৫০:০৯


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই এবার বেলারুশে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামনের মাসগুলোতে মস্কোর মিত্র এই দেশটির কাছে স্বল্প-পাল্লার এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বেলারুশের কাছে যে ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছেন, তার নাম ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র।

এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৫০০ কিলোমিটার। অর্থাৎ এগুলো ৫০০ কিমি (৩১০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘প্রচলিত এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং এর মাধ্যমে উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে’।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সানবিডি/এনজে