রাশিয়ার স্বর্ণ আমদানির ওপর জি-সেভেন’র নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৯:৫৩:১৫


রাশিয়ার স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তিনদিনব্যাপী জি-সেভেন সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিন ইউক্রেনের কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেইসঙ্গে, সেভেরোদোনেস্ক শহর সম্পূর্ণ দখলে নিয়েছে রুশ সেনারা।

রোববার (২৬ জুন) জার্মানিতে শুরু হওয়া জি-সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও জোটভুক্ত যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের শীর্ষ নেতারা যোগ দেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, এই নিষেধাজ্ঞায় রাশিয়ার স্বর্ণ ব্যবসার অর্থ যুদ্ধে বিনিয়োগের রাস্তা বন্ধ হবে। সম্মিলিত পদক্ষেপে রাশিয়ার অর্থের যোগান বন্ধের আহ্বান জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

সম্মেলনের দিন কিয়েভে ক্রুজ মিসাইল হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বানে টুইট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। কিয়েভের মেয়র জানান, ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন থেকে ২৫ জনকে বের করা হয়েছে।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেভেরোদোনেস্ক শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটি নিশ্চিত করেন সেভেরোদোনেস্ক মেয়র অলেক্সান্দ্র স্ট্রিউক।

সূত্র: আল জাজিরা

এএ