কানাডায় ব্যাংকে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৫:১৯:২৮


কানাডার একটি ব্যাংকে গোলাগুলিতে দুই জন নিহত এবং পুলিশের ছয় কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনার পর পর বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচের ব্যাংক অব মন্টিলে এ ঘটনা ঘটে। এই অঞ্চল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।

সংবাদ সম্মেলনে সানিচ পুলিশের প্রধান ডিন ডুথি বলেন, হামলাকারীদের সঙ্গে ভারী অস্ত্র ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তার শরীরে বর্ম পরা ছিল।

ডুথি আরও জানান, বন্দুকের গুলিতে আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত হয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, এ ঘটনায় আমি মর্মাহত ও ব্যথিত।

এম জি