যুদ্ধের পর পণ্য নিয়ে প্রথম মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০১ ১৯:৩৭:৩৬


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টায় রাশিয়ান পতাকাবাহী এমভি কামিল্লা বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্টিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে বলে জানান তিনি।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, যুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও জানান তিনি।

এএ