ট্রেন চলে সোজা, দুর্ঘটনার দায় কেন কর্তৃপক্ষের: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০২ ২০:৪৮:৪৬


সম্প্রতি চট্টগ্রামের মীরসরাইয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন মাইক্রোবাসযাত্রী নিহত হওয়ার ঘটনার দায় নিয়ে প্রশ্ন উঠার প্রেক্ষিতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল (ট্রেন) তো চলে সোজা। কারো সঙ্গে ধাক্কা লাগার কথা নয়। তারপরও কেউ রেলের ওপর এসে পড়বেন, দুর্ঘটনা ঘটবে- তার দায় কেন রেল কর্তৃপক্ষকে নিতে হবে?

মঙ্গলবার (২ আগস্ট) মাগুরায় রেলস্টেশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আইন অনুসারে রেললাইনের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে কেউ রেলের সঙ্গে ধাক্কা খাবে, মোবাইল ফোন নিয়ে রেললাইনে হাঁটবেন আর দুর্ঘটনা ঘটলে তার দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, তা কেন?

রেলমন্ত্রী আরও বলেন, রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেললাইন অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সমন্বয় করা হবে।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক প্রমুখ।

এম জি