শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১১:০১:৪৯
শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যার কোনো এক সময় নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা রাত ১১টার দিকে পাহাড়ী জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেন। নিহত ছমেদ আলী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মায়াঘাসি গ্রামের কৃষক ছমেদ আলী পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তার সন্ধানে পাহাড়ে খুঁজতে যান। এসময় স্থানীয়রা মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় বন্যহাতির পায়ে পিষ্ট অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বনবিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। পরে রাত ১১টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, উদ্ধারকৃত মরদেহের যে অবস্থা তাতে ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতি অতর্কিত আক্রমণ করে পায়ে পিষ্ট করে থাকতে পারে। বন্যহাতির পায়ে পিষ্ট হয়েই কৃষক ছমেদ আলীর মৃত্যু ঘটেছে।
গত কয়েকদিন ধরে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













