বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত নারীকে অ্যাসিড নিক্ষেপ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৩ ২০:২২:১৬
নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে জ্বলসে দিয়েছে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া (৩০) নামে এক বখাটে। এতে দগ্ধ ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমড় পর্যন্ত ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার দুপুরে ভুক্তভোগি নারী রত্না আক্তার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ডিভোর্স প্রাপ্ত ভুক্তভোগি রত্না আক্তার (২৫) তার মেয়েকে নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবা মুজিবুর রহমানের বাড়িতে বসবাস করে আসছে। রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে রত্নার বাড়িতে আসে। এরপর পঙ্খী মিয়ার খোঁজ-খবর নিয়ে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে দেয় রত্না আক্তার ও তার পরিবার। তারপরও পঙ্খী মিয়া বিভিন্ন সময় রাস্তা-ঘাটে রত্না আক্তারকে একা পেলেই বিয়ের প্রস্তাব দিতে থাকে। প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগি রত্না আক্তার। এতে পঙ্খী মিয়া ক্ষিপ্ত হয়ে রত্না আক্তারকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো শুরু করে। এরই মধ্যে গত সোমবার রত্মা নিজ ঘরে ঘুমাচ্ছিল। রাত হঠাৎ ঘুমন্ত রত্না আক্তারের উপর এসিড নিক্ষেপ করেন। এসময় ভুক্তভোগি রত্না আক্তারের আত্মচিৎকারে এলাকার আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে পঙ্খী মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা রত্না আক্তারকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত ওই নারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগি রত্না আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













