ভোলায় ওসিসহ ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-০৪ ১৬:৫২:৫৩
ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত সেচ্ছাসেবক দলের সদস্য রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় পুলিশের ৩৬ জন সদস্যসহ মোট ৬১ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে খাদিজা বেগম মামলাটি করেন (মামলা নম্বর এমপি-৪০৫/২০২২)। বাদীপক্ষের আইনজীবী আমিরুল হক বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেনসহ পুলিশের ৩৬ জন সদস্যকে আসামি করা হয়। এছাড়া নাম না জানা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
আমিরুল হক বাছেদ জানান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ আগস্টের মধ্যে ভোলা সদর থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তবে নিহতের স্ত্রী মামলাটি র্যাব বা বিচারিক আদালতকে তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন।
পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এনিয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেচ্ছাসেবক দলের সদস্য রহিমে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় ভোলা ছাত্রদলের সভাপতির মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ভোলায় আধাবেলা হরতাল পালন করে করে বিএনপি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













