ভাড়া বৃদ্ধি কার্যকর, বিপাকে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১১:২৫:৫৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়ে গেছে বাস ভাড়া। প্রায় সব রুটেই বেশি ভাড়া দিয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এখনও দাম বৃদ্ধির তালিকা টানানো হয়নি বাস কাউন্টারগুলোতে। এতে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে কোম্পানিগুলো।
রোববার (০৭ আগস্ট) সকালে রাজধানীর সায়েদাবাদের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে একেক কাউন্টারে টিকিটের দাম একেক রকম। প্রতি টিকিটে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। অনেক যাত্রী আবার বাস ভাড়া বৃদ্ধির খবর জানতেন না, এজন্য তারা পড়েছেন বিপাকে।
শ্যামলী কাউন্টারে দেখা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম নন-এসি বাসের টিকিটের দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা। আগে এই টিকিটের দাম ছিল ৫৮০ টাকা। এসি বাসের টিকিটের দাম ছিল ৮০০ টাকা, আজ সেটি নেওয়া হচ্ছে ৯০০ টাকা।
এই বাসে ঢাকা থেকে কক্সবাজার নন-এসি বাসের ভাড়া ছিল ৯০০ টাকা, আজ নেওয়া হচ্ছে ১০০০ টাকা। এসি বাসের ভাড়া ছিল ১২০০ টাকা, আজ নেওয়া হচ্ছে ১৩০০ টাকা।
ঢাকা থেকে সিলেট নন-এসি বাসের ভাড়া ছিল ৫৭০ টাকা, আজ সকাল থেকে নেওয়া হচ্ছে ৬৫০ টাকা। এসি বাসের ভাড়া ছিল ৭০০ টাকা, আজ সকাল থেকে নেওয়া হচ্ছে ৮০০ টাকা।
শ্যামলী কাউন্টারের টিকিট বিক্রেতা সোহরাব মিয়া বলেন, আমরা সকাল থেকে ৬০-৭০ টাকা বাড়িয়ে নিচ্ছি। এখনও সরকারি তালিকা পাইনি। সরকারি তালিকা পেলে এই ভাড়া আরও বাড়তে পারে।
হানিফ এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম নন-এসি বাসের ৫৮০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৭০০ টাকা।কক্সবাজারের ৯০০ টাকার টিকিট ১০০০ টাকা এবং সিলেটের ৫৭০ টাকার টিকিট নেওয়া হচ্ছে ৭০০ টাকা।
কাউন্টারের টিকিট বিক্রেতা নজরুল ইসলাম বলেন, একেক বাসে একেক ভাড়া। সরকারিভাবে এখনও ভাড়ার চার্ট করা হয়নি। সেটি হয়ে গেলে সবার কাছে চার্ট চলে যাবে, আমরাও সে অনুযায়ী ভাড়া নেব।
ইউনিক বাসে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া ১২০ টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে ৭০০ টাকা। সিলেটের ভাড়া ১১০ টাকা বাড়িয়ে ৬৮০ টাকা নেওয়া হচ্ছে। তবে কক্সবাজারে আগের মতোই ৯০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
সেন্ট মার্টিন ট্রাভেলসে ঢাকা থেকে চট্টগ্রাম এসি বাসের টিকিটের দাম ৭৫০ টাকা ছিল, আজকে ১৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা নেওয়া হচ্ছে। কক্সবাজারের ভাড়া ছিল ১২০০ টাকা, ২০০ টাকা বাড়িয়ে আজ নেওয়া হচ্ছে ১৪০০ টাকা। আর বরিশালের এসি বাসের ভাড়া ৬৫০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।
এস আলম পরিবহনে ঢাকা থেকে চট্টগ্রামের নন-এসি বাসের টিকিট ১০০ টাকা বাড়িয়ে ৬৮০ টাকা আর কক্সবাজারের এসি বাসের ৯০০ টাকার টিকিটের দাম আজকে ১০০০ টাকা।
ঢাকা থেকে নোয়াখালীগামী বাসে সবচেয়ে বেশি ভাড়া বাড়িয়েছে ইকোনো সার্ভিস। কাউন্টারে গিয়ে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীর ভাড়া আগে ছিল ৪৫০ টাকা, আজ ২০০ টাকা ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে ৬৫০ টাকা।
শনিবার বিকেলে বিআরটিএ এবং বাস মালিকদের বৈঠকের পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













