ভাঙারির দোকানে বিস্ফোরণ: আহত ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১২:৩৪:২৪


ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙাড়ির দোকানে শনিবার দুপুরে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে মারা গেছেন তিনজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম (৪৭) রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান।

তার আগে শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং শনিবার দিবাগত রাত ২টার দিকে নূর হোসেন (৬০) নামে দুজনের মৃত্যু হয়।

তিনটি মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে মাজহারুল ইসলাম ছিলেন ভাঙাড়ির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, অন্য দুজন রিকশাচালক।

নুর হোসেনের শরীর ৯৫ শতাংশ, আলমের শরীর ৭০ শতাংশ আর মাজহারুলের শরীর ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্যরা হলেন- মো. মিজান (৩৫), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন (২৬)।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

এনজে