আরও ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৮ ১৮:২৮:৫৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সারা দেশে নতুন করে আরও ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ২০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরে ৭৪ জন চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














