বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৯ ১৯:৪৪:৪৫
নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরও ১৩ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া জেলেরা আজ মঙ্গলবার বিকেলে মোবাইলে এ সংবাদ জানান।
স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝিকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সব মাঝির বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচজনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য আটজনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।
এ বিষয়ে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ জানান, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। এ ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোন এক জায়গায় হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













