এই সংকট আমেরিকা-রাশিয়ার তৈরি: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১০ ১৫:৩৩:১৯


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এসব কথা আমলে নিয়ে দুশ্চিন্তা করবেন না, দেশ শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার দূরদর্শিতা ও সুযোগ্য নেতৃত্বে আমরা সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগুচ্ছি। আর মাত্র এক মাস আমরা আগের অবস্থানেই ফিরে যাব।

বুধবার (১০ আগস্ট) সকালে সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, লোডশেডিংয়ের কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই সংকট আমেরিকা-রাশিয়ার তৈরি। অথচ, একটি মহল আমাদের দোষারোপ করে ফায়দা নেওয়ার অপচেষ্টায় আছে। সামনে নির্বাচন আসছে, বন্ধু-শত্রু আপনারাই বাছাই করবেন। বিদ্যুৎ, রাস্তাঘাট, সার, বীজ বিনামূল্যে আওয়মী লীগ সরকারই গ্রামের মানুষকে দিচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে গোলামী থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না, দেশের বিরুদ্ধে কথা বলে, তারা বলছে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে।

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি অস্বীকার করবো না। কিন্তু এখনও কেউ জিনিসপত্রের দাম বাড়ায় মারা যায়নি, আশা করি মরবেও না।

শান্তিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো. মাসহুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লি. এর সভাপতি প্রভাষক নূর হোসেন, সমবায় অধিদপ্তরের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ।

এম জি