রাজধানীতে গাড়ির ধাক্কায় সিএনজিচালক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১২ ১০:৫৭:৩০


রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির দুই যাত্রী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিযাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তারা সম্পর্কে মা ও ছেলে।

বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। বাকি দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি যশোর জেলায়। আহতদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

এম জি