সাগরে ঝড়: ২২ জেলে নিয়ে ডুবে গেলো ট্রলার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৩ ০৮:৫৬:৩২


বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মাতারবাড়ির একটি ট্রলার কক্সবাজারের নাজিরার টেক উপকূলে ডুবে যায়। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলেও ট্রলারে থাকা ২২ মাঝি-মাল্লা নিরাপদে উপকূলে ফিরতে পেরেছেন। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শের উল্লাহ বহাদ্দারের মালিকানাধীন এফবি তহুরী জন্নাত নামের ৬৫ অশ্বশক্তির ট্রলারটি ২২ জন মাঝি-মাল্লা নিয়ে শুক্রবার সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যেতেই ট্রলারটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।

এ সময় ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যেতে থাকলে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা উপকূলের বিভিন্ন পয়েন্ট গিয়ে উঠার চেষ্টা করেন।

এ সময় সমুদ্রে থাকা অন্যান্য জেলেরা তাদের অনেককে উদ্ধার করে নিয়ে আসে। অন্তত ৪-৫টি মাছ ধরার ট্রলার ডুবে যেতে থাকা ওই ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

শুক্রবার রাত ১২টা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে জোয়ারের পানি বাড়লে ট্রলারটি টেনে উপকূলে নিয়ে আসা ও ট্রলারে থাকা জালগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক শের উল্লাহ।

এনজে