ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ থেকে আগুন, গ্যাস সরবরাহ বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৩ ২০:২২:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের পাইপে লিকেজ হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে শহরের একাংশে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের (বাইপাস সড়ক) পাশে পৌর এলাকার পুনিয়াউটে এ ঘটনা ঘটে।
এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, কিছুদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কের (বাইপাস সড়ক) পাশে বৈদ্যুতিক খুঁটি বসানো ও তার টানার কাজ চলছে। আজ দুপুরে খুঁটিতে ঝুলন্ত তার একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ হলে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের আকার বড় হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর জানানো হয়।
খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোকজনও ঘটনাস্থলে আসেন। পরে ওই পাইপে গ্যাস সরবরাহ বন্ধ করলে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলায় ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর আবার সব এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













