এক্সপ্রেসওয়েতে বাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-১৪ ১৮:৩৯:০১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় বাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১৪ আগস্ট ) বিকেল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে তিনটার দিকে ঢাকামুখী মোল্লা পরিবহনের একটি বাস শ্রীনগরের কেউটখালী এলাকা থেকে যাত্রী তুলছিল। ওই সময় পেছন থেকে শরিয়তপুর পরিবহনের একটি বাস এসে মোল্লা পরিবহনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় ওই তিন বাসে ১০-১৫ জনের মতো আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজ রিবেন বলেন, ঘটনাস্থলে এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গাড়ি ৩টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













