মাদরাসার গোসলখানা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৪ ২০:২৭:৪২


ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদরাসার গোসলখানা থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলী (১২) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহরের কাউতুলী মোড়ে ইব্রাহিমিয়া তাহফিজুল কোরআন মাদরাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ আলী ওই এলাকার কাউসার মিয়ার ছেলে।

নিহতের বাবা বলেন, আলীকে হত্যা করা হয়েছে। দুপুরে খাবার দিতে এসে তিনি গোসলখানায় তার ছেলের মরদেহ দেখতে পান। মরদেহের পা মাটিতে ছিল।

ইব্রাহিমিয়া তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে নামাজের পর তারা আলীকে খুঁজে পাচ্ছিল না। এক ছাত্র টয়লেটে গিয়ে গোসলখানায় আলীর ঝুলন্ত মরদেহ দেখে। পরে শিক্ষকদের বিষয়টি জানানো হয়। তারা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আলীকে নির্যাতনের অভিযোগ ওঠা মাদরাসা শিক্ষক হুসাইন আহমেদ পুলিশের কাছে বলেছেন, পড়া না পারায় তিনি আলীকে বেত্রাঘাত করেছিলেন। পরে বিষয়টি তাকে বুঝিয়েও দেন।

হুসাইন আহমেদ বলেন, পড়া না পারার বিষয়টি আলীর বাবাকে জানিয়েছি। দুপুরে গোসলখানায় তার মরদেহ দেখতে পেয়ে আমরা হতভম্ব হয়ে যাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি হত্যা করে থাকি তাহলে সিসি ক্যামেরাতেই সেটা ধরা পড়বে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হেফজ বিভাগের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এম জি