টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৫ ১৩:১৯:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারে ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন । আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩৬ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।
সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। ১১টা ৫৫ মিনিটে জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল অনার গার্ড প্রদান করেন।
এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, আমির হোসেন আমু, খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, শাজাহান খান এমপি, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ ফারহান নাসের তন্ময় এমপি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর ২টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














