বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-১৫ ১৬:০৫:৫৫


বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৬০ জন আহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান জানান, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত কয়েকটি গ্রুপ এক হয়ে হামলা চালায় সভাপতি-সাধারণ সম্পাদকের ওপর।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের একটি গাড়িও ভাঙচুর করে তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগের প্রায় ৬০ নেতাকর্মী আহত হয়েছেন।

এম জি