ছেলের গুলিতে মায়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৬ ১৭:৩৪:০৫
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে এক মায়ের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনুর (৩০)।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারী পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতার (৫৫)।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুরের। এ সময় মাকে মাথায় গুলি করেন তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত মইনুর পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













