ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়ল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১৬ ২২:০৭:২৩


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সব রুটের ফেরি ও যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেে এ বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সরকার ফেরি এবং জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া—এই ছয় রুটে ফেরি চলাচল করে। নতুন করে ভাড়া বাড়ানোর পর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ১ হাজার ৫৬ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ৫২০ টাকা, মাইক্রোবাসের জন্য ১ হাজার ২০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১২০ টাকা করে ভাড়া দিতে হবে।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।

এদিকে লঞ্চ ভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের পরে প্রতি কিলোমিটার ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। এ ভাড়া এখন বিআইডব্লিউটিসির নৌযানেও প্রযোজ্য হবে।

এএ