পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, দলের নয়: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৯ ১৮:৩৯:১১
‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যটি তার ব্যক্তিগত অভিমত, এটা দল বা সরকারের বক্তব্য নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা দল বা সরকারের বক্তব্য নয়। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার উৎস।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ কোন বৈরি সম্পর্ক চায় না। ভারতের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।
তিনি বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














