বিএনপি খুনি-ষড়যন্ত্রকারীদের সংগঠন: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২০ ২১:১৩:১৯


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এরা খুনি ও ষড়যন্ত্রকারীদের সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’

শনিবার (২০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এরা সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থানে জড়িত। এরাই একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছে। এই খুনি ও সাম্প্রদায়িক দলকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল। এদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। আদালতের রায়ে তা প্রমাণিত এবং এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।’

বিএনপিকে উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন,‘ জাতির পিতাকে হত্যার মাধ্যমে তার আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। এখন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন এখন পূরণ হচ্ছে।’

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

এম জি