দর্শনা রেলবন্দরে ৫৩ শতাংশ কমেছে গম আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২১ ১০:৩৪:১৪


ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম গম আমদানি হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ভারত থেকে ২ লাখ ৫০ হাজার ৬০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। তবে চলতি বছরের একই সময়ে গম আমদানি করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬০০ মেট্রিক টন। এটি ২০২১ সালের তুলনায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন কম যা শতকরা হিসাবে ৫৩ দশমিক ০৭ শতাংশ।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাস্টার (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত থেকে চলতি বছরে এরই মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬০০ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে। আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

এনজে