সাগরে ট্রলারডুবিতে ২০২ জেলে নিখোঁজ,মৃত ৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২১ ১০:৫৭:৪১
এ বছর সাগরে মাছ ধরার ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ শেষে সুবিধা করতে পারেননি জেলেরা। লঘুচাপের কারণে ফিরে এসে ১৫ দিন উপকূলে অবস্থান করেন। আবহাওয়ার উন্নতি দেখে বুধবার একের পর এক ট্রলার বঙ্গোপসাগরে ছোটে। জেলেপাড়ায় নেমে আসে উৎসব। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে বৈরী আবহাওয়া দেখা দিলে বিপুলসংখ্যক জেলেসহ অসংখ্য ট্রলার উপকূলে ফিরতে থাকে। এ সময় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও নোয়াখালীর অন্তত সাতটি ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত তিন জেলের মৃত্যু ও কমপক্ষে ২০২ জেলে নিখোঁজ রয়েছেন। ১৩টি ট্রলারের সঙ্গে মালিকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বজনদের সন্ধান না পেয়ে আহাজারিতে ভারী হয়ে উঠেছে জেলেপাড়ার বাতাস। এখন সেখানে উৎসবের বদলে চলছে কান্নার রোল।
তবে পটুয়াখালীর নিজামপুর কোস্টগার্ডের লে. শাফিউল কিঞ্জর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার পর্যন্ত মোট ১৬টি ট্রলার নিখোঁজের তথ্য তাঁরা পেয়েছেন। ট্রলারডুবির ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় তিন জেলের মরদেহ ও অন্যান্য এলাকা থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলের সন্ধানে অভিযান চলমান রয়েছে।
জানা গেছে, বঙ্গোপসাগরে ঝড়ে পড়ে উপজেলার পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে এমভি মায়ের দোয়া, এমভি আবদুল্লাহ-১, এমভি আবদুল্লাহ-২, এমভি ভাইবোন ও এমভি জেদনী নিখোঁজ হয়। শনিবার বিকেলে এমভি আবদুল্লাহ-২ এর সন্ধান পেলেও জেলেসহ অন্য ট্রলারের হদিস মেলেনি। এসব জেলে পরিবার চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম বলেন, জেলে ও ট্রলারের সন্ধান চলছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













