সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে ডা. মীরজাদী ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২১ ১৮:১৮:০৬


স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। অপারেশন পরবর্তী কিছু জটিলতার কারণে তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন।

রোববার (২১ আগস্ট) খবরটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

ডা. এএসএম আলমগীর বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিডনীতেও দেখা দিয়েছে সমস্যা। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এম জি