পূবালী ব্যাংকের পক্ষ থেকে বারডেম হাসপাতালকে এ্যাম্বুলেন্স প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৭:২৬:১৬


পূবালী ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বারডেম জেনারেল হাসপাতালকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নিকট আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের পূর্বে বারডেম জেনারেল হাসপাতালের সাথে পূবালী ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বারডেম জেনারেল হাসপাতালের ‘এক্সিকিউটিভ হেলথ চেক সেন্টার’ থেকে সার্ভিস চার্জে ২০% ছাড় এবং চিকিৎসা সেবায় ৩০% ছাড় পাবেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। এরই প্রেক্ষিতে বারডেম জেনারেল হাসপাতালকে পূবালী ব্যাংক একটি এ্যাম্বুলেন্স অনুদান হিসেবে প্রদান করেছে। তিনি আরও বলেন, এই অনুদান অনাগত দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।

এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ূম চৌধুরী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সিনিয়র ডিরেক্টর(ফিন্যান্স ও অ্যাকাউন্টস) বিশ^জিৎ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ