বাংলাদেশি ভাসমান ৪৩ জেলেকে উদ্ধার করল ভারত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৮:০০:১৫


বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ভাসমান বাংলাদেশি ৪৩ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় জেলেরা। ভারতের কাকদ্বীপ ও রায়দিঘি আশ্রয় কেন্দ্রে জেলেদের ঠাই হয়েছে বলে জানা গেছে।

ভারতের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এসোসিয়েশনের সেক্রেটারি জয়কৃষন হালদার রোববার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবারে বঙ্গোপসাগরে অনেক বাংলাদেশি ফিশিংবোট ডুবে যায়। ডুবে যাওয়া এসব বোটের ৪৩ জন বাংলাদেশি জেলেকে ভারতের কেদো দ্বীপের কাছে সাগরে ভাসমান অবস্থায় সেদেশের জেলেরা উদ্ধার করে কাকদ্বীপ ও রায়দিঘিতে নিয়ে যায়। বর্তমানে কাকদ্বীপ আশ্রয়কেন্দ্রে ৩২ জন এবং রায়দিঘিতে সাউথ সুন্দরবন ফিসারমেন এন্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ে ১১জন জেলে তাদের হেফাজতে রয়েছে এবং জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা, পরিধেয় কাগড় চোপড় ও খাবার দেওয়া হয়েছে বলে তিনি জানান।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হচ্ছে, উইনুস হাওলাদার, আক্কাস গাজী, আকরাম হোসেন, ইব্রাহীম মোল্লা, কালাম হাওলাদার, আবুল কালাম, জসিম মাঝি, জামাল সরদার, ফজলু চৌকিদার ও কাসেম মুন্সি। এদের বাড়ি ভোলা ও পটুয়াখালী জেলায়।

জয়কৃষন হালদার আরও জানান, বাংলাদেশি কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে ঐ জেলেদের বাংলাদেশে পুশব্যক করা যেতো।

এম জি