সমুদ্রে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২১ ১৮:১২:২৪


পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল মাহবুবুর রহমান পারভেজ (২৯)। তিনি ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষক ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটায় চার বন্ধু ঘুরতে আসেন। আজ রোববার সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। পরে দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যান আমির ও পারভেজ। তাদের চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসেন। পরে আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়। একই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সৈকতে জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে তার মরদেহ ঢেউয়ের তোড়ে তীরে চলে আসে। এ সময় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের (কুয়াকাটা জোন) পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আজ রোববার দুপুরে সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হন। তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এম জি