চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে কমিশন প্রয়োজন: আইপিডি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২১ ২১:৩৬:৩৭
দেশের চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণসহ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ‘চা শ্রমিক উন্নয়ন কমিশন’ গঠন করা প্রয়োজন বলে মনে করছে পরিকল্পনাবিদদের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট (আইপিডি)।
রোববার (২১ আগস্ট) প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বিগত দশকগুলোতে চা শিল্পের ক্রমবর্ধমান উন্নতি ও বিকাশ পরিলক্ষিত হলেও চা শ্রমিকদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি, যা অত্যন্ত বিস্ময়কর ও হতাশাজনক। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চা শ্রমিক জনগোষ্ঠী দারিদ্র্য-বঞ্চনা-শোষণের দুষ্টচক্রে আবর্তিত হতে হচ্ছে। বিপরীতে চা শিল্প মালিকদের বিত্ত-বৈভব বাড়ছে ক্রমাগত।
বাংলাদেশের ক্রমবর্ধমান মূল্যস্ম্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অসহনীয় বাস্তবতায় চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবী অত্যন্ত ন্যায্য, মানবিক ও নূ্যনতম জীবনধারণের মৌলিক মানবাধিকারের দাবি। দেশের শ্রম আইন, বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে সংগতিপূর্ণ এই দাবী মেনে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য শ্রম অধিদপ্তরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানাচ্ছে আইপিডি।
আইপিডি মনে করে, চা শ্রমিকদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসবার জন্য অতি জরুরি ভিত্তিতে ‘চা শ্রমিক উন্নয়ন কমিশন’ গঠন করা প্রয়োজন। উক্ত কমিশন চা শ্রমিকদের মজুরিসহ মৌলিক নাগরিক সুবিধাদি নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














