শুক্রবার বন্ধ থাকবে ডিএনসিসির যানবাহন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২২ ২১:৩৭:৫১
জ্বালানি সাশ্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যানবাহন শুক্রবার বন্ধ থাকবে। সোমবার ডিএনসিসির পরিবহন শাখা থেকে এ মর্মে একটি অফিস আদেশ জারি করা হয়।
তবে অত্যাবশ্যক জরুরী সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসির সকল কর্মকর্তাগণের অনুকূলে বরাদ্দকৃত ও দাপ্তরিক কাজে নিয়োজিত সকল গাড়ির জ্বালানি পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ থাকবে।
এর আগে গত ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়। এ আদেশে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
এছাড়া কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে ১ ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী ১ ঘণ্টা করে বন্ধ রাকার জন্যও বলা হয়। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতেও বলা হয় ঐ নির্দেশনায়। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ রাখতে বলা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














