স্কুলে যাওয়ার পথে বাবা-ছেলেকে পিষে দিল ট্রাক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৩ ১২:৩৮:০৪
শেরপুরের নকলায় ছেলেকে স্কুলে নেওয়ার পথে ট্রাকচাপায় ছেলেসহ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ অগাস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হানিফ উদ্দিন নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে ও নিহত হানিফের ছেলে পিয়াস রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকলা শহরের উকিলপট্টির রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে পিয়াস। প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেলে করে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। আজ সকাল ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এ সময় বাইসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিয়াস।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৮টার দিকে নকলা হাসপাতাল রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে হানিফ নামের একজন ঘটনাস্থলেই মারা যান ও তার ছেলে পিয়াসকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সে-ও মারা যায়। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













