জামাইয়ের হাতে শাশুড়ি খুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৩ ১৫:১৬:৫৫
মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে রঙ্গিলা খাতুন (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার জামাই বাদশা মিয়া। বাদশার নির্যাতন থেকে মেয়ে রিমি খাতুনকে বাঁচাতে গেলে এই নির্মম হত্যার শিকার হন তিনি। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঙ্গিলার বাড়িতে এ ঘটনা ঘটে।
রঙ্গিলা খাতুন করমদি গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। আহত অবস্থায় রিমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, করমদী গ্রামের উত্তরপাড়ার বাদশা খান একই গ্রামে শ্বশুরবাড়িতে সপরিবারে বসবাস করেন। ঘটনার সময় স্ত্রী রিমি খাতুনকে মারধর করছিলেন বাদশা। বেধড়ক মারপিটের একপর্যায়ে রিমির মা রঙ্গিলা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে শাশুড়ির ওপর আক্রমণ করেন বাদশা। উপর্যপুরী কোপানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রঙ্গিলা খাতুনের।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে বাদশা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় রিমিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক বাদশাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













