রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি ফেরানো যায় ততই মঙ্গল: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৩ ২১:১৭:১৬


রোহিঙ্গা নাগরিকদের যত তাড়াতাড়ি তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় সবার জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এজল্যান্ড। এসময় তিনি এ কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন, এ দেশে অবস্থানকালে তাদের জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশনসহ তাদের ক্যাম্পে অবস্থানকালীন কাজের সুবিধা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদেরকে যত তাড়াতাড়ি তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় সবার জন্য ততই মঙ্গল।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে জনমত গঠনে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদেরকে আশ্রয় দিয়ে মানবিক বিপর্যয় থেকে এসব নাগরিকদের রক্ষা করেছে।

এম জি