ভৈরবে বিদ্যুৎস্পর্শে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৬ ১৫:০১:১২


কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, ‘দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেওয়ার হচ্ছিল। খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায়।’

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনজে