বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত: শিক্ষামন্ত্রী
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-২৬ ১৬:৫৫:৫৭
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী। একদিকে মুক্তিযুদ্ধের সমমনারা রয়েছে, উল্টোদিকে রয়েছে যাদের কোনো আদর্শ নেই। অগ্নিসন্ত্রাস, এতিমের অর্থ আত্মসাত, রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া এগুলো কোনো আদর্শ হতে পারে না। যুদ্ধের সময়টা মুজিবের নামে যুদ্ধ হয়েছে। দেশ স্বাধীনের পর এদেশ তখন মুজিবের দেশ নামে পরিচিত।’
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৪১ বছরে অন্তত ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪ এর ২১ আগস্টের ঘাতক, ২০১৩-১৪ এর অগ্নিসন্ত্রাসের ঘাতকের দল এক ও অভিন্ন। আজও তারা আস্ফালন করে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য। এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।’
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ সরকারি কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশ্ববিদ্যিালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













