আইজিপির ভিসা প্রাপ্তি বাংলাদেশের জন্য অবমাননাকর: ফখরুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৭ ১৫:৩৫:৫৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আইজিপি বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘকে ডেলিগেশনের তালিকা দিয়ে ইচ্ছা করেই দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
তিনি বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্ককর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দাতাদের একজন বেনজির আহমেদকে তালিকাভুক্ত করে এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৭ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আমরা মনেকরি— এ ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রাপ্তি বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকার এ ধরনের দায় দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।
এসময় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














