বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ নেই জাতিসংঘের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৭ ১৫:৫০:৫৫


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণ হলো। আমরা সব সময় বলে আসছি, তারা (বিএনপি) একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা রটিয়ে যাচ্ছে। তাদের অভিযোগের ভিত্তি না থাকার কারণেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশের মানবাধিকার নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি।

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রশ্নের প্রেক্ষিতে ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় ভিডিও প্রেজেন্টেশনে তাকে দেখিয়েছি। কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এ সব দেখে তিনি কোনও প্রশ্ন আমাদের করেননি।

তিনি বলেন, হাইকমিশনার সব কিছু বিশ্লেষণ করে তার মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার লংঘনের প্রমাণ পাননি। আমি শুধু তার উক্তিটিই করেছি। তথ্যভিত্তিক ছাড়া ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।

এম জি